ফেনীর পরশুরামে নিখোঁজ হওয়ার ২৭ দিন পর ভারতীয় সীমান্তবর্তী কাটাতারের পাশ থেকে ইয়াছিন নামে এক নির্মান শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১০ মে) ফেনী পুলিশ সুপার কার্যলয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ফেনী পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী।
নিহতের স্বজনরা জানান, নিখোঁজের পর পরশুরাম থানায় জিডি করেন ভুক্তভোগী পরিবার কিন্তু এতে থানা পুলিশের কোন তৎপরতা ছিলো না। পরে তারা জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। একপর্যায়ে ডিবি পুলিশ জিডির তথ্যের উপর নির্ভর করে ঘটনার তদন্ত শুরু করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন মো.সেলিম নামে একজনকে আটক করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্যমতে ভারত সীমান্তের কাঁটাতারের পাশে মাটিচাপা অবস্থায় বস্তাবন্দি গলিত মরদেহ উদ্বার করা হয়।
এ ব্যপারে পুলিশ সুপার জানায়, ইয়াছিনের সাথে কথিত কষ্টিপাথর সংক্রান্ত একটি বিষয় নিয়ে হত্যাকারীরা প্রথমে তাকে টাকা লেনদেন করবে বলে লোভ দেখিয়ে ফেনী শহরে নিয়ে আসে। এসময় তাদের মধ্যে গড়মিল দেখা দিলে তাকে নিঃসংশভাবে হত্যা করে। পরে একটি চটের বস্তায় করে সিএনজি অটোরিকশা যোগে ভারত সীমান্তের কাটাতারের ভেতরে মরদেহ গুম করার উদ্দেশ্যে মাটি চাপা দেয়। তবে ঘটনার পূর্ণ তদন্ত চলছে।
তার মতে হত্যাকারীরা খুব সুক্ষ ভাবে হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। ঘটনায় আটক ব্যক্তি মো. সেলিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।