আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমতে পারে। সেইসঙ্গে রয়েছে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।
সোমবার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা , বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সোমবার ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫ টা ১৮ মিনিটে।
এদিকে রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ-নদীর পানি বাড়ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে তা প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্যমতে, ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল দ্রুত সময়ে বৃদ্ধি পেতে পারে।