সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সলঙ্গা থানার নলকা সেতুর পশ্চিম পাশে সড়ক এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল থানার কালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজিব (২৪) ও বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর কলোনীর মৃত শাহজাহান আলীর ছেলে আলতাফ হোসেন (৪২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) জাহিদুল ইসলাম জানান, বুধবার সকালে টাঙ্গাইল থেকে হাটিকুমরুল গোলচত্বরমুখী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকায় পৌছলে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। আহত হয় মোটরসাইকেলের দুই যাত্রী। পুলিশ আহতদের উদ্ধার করে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করে। ঘাতক ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।