মাদারীপুরে মাহিন্দ্রার চাকায় পিষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক ও নছিমনের চাপায় এক শিশু নিহত হয়েছেন।
বুধবার (১৯ মে) বিকেল ৪টায়, শিবচর পৌরসভার বাইপাস সড়কে চলন্ত মাহিন্দ্রা থেকে পড়ে গিয়ে ওই মাহিন্দ্রার চাকায় পিষ্ট হয়ে নির্মাণ শ্রমিক সিদ্দিক সরকারের (৫০) মৃত্যু হয়েছে। নিহত সিদ্দিক ভোলা সদর থানার চর শমাইয়া গ্রামের ওদুদ সরকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে ঢাকায় কাজে যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন শ্রমিক মিলে একটি মাহিন্দ্রায় ঢাকা রওনা হয়। বুধবার বিকেল ৪টায় শিবচর পৌরসভার বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মাহিন্দ্রায় ঘুমন্ত অবস্থায় সিদ্দিক সরকার সড়কে ছিটকে পড়েন। এসময় অসাবধানতাবসত চলন্ত ওই মাহিন্দ্রার চাকাটি সিদ্দিক সরকারের বুকের ওপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিক অন্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানা অফিসার ইনচার্জ মো মিরাজ হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে।
অন্যদিকে, দুপুরে কালকিনি উপজেলার কয়রিয়ায় নছিমনের চাপায় আসিফ ঘরামি নামের ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আসিফ কয়রিয়া ইউনিয়ননের ময়দানেরহাট গ্রামের ফারুক ঘরামির ছেলে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল সড়ক দুর্ঘটনায় আসিফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।