রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর একটি পাটক্ষেত থেকে ৬ বছরের শিশু সিয়ামের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু সিয়াম পাংশা উপজেলার সাজুরিয়া গ্রামের নবাব মণ্ডলের ছেলে। বুধবার (১৯ মে) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত ১৭ মে একটি মোটরসাইকেলে করে শিশু সিয়ামকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় ওই দিনই সিয়ামের বাবা পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ্উদ্দিন জানান, শিশু সিয়াম নিখোজ হওয়ার পর তার পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। কিন্তু গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও সাদা পোশাকে পুলিশ নিয়োজিত করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিশেষে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির বাড়ির অদূরে একটি পাটক্ষেতে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশি অভিযান চলমান আছে। ঘটনার সঙ্গে জরিতদের গ্রেপ্তারের ব্যাপারে অভিযান চলছে। সেই সঙ্গে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।