মিলের গাছের পাকা আম খাওয়া হলো না মজিবুর রি-রোলিং মিলের শ্রমিক সজিবের। শুক্রবার (২৮ মে) সকাল ৬টায় মিলের ভেতরে আম গাছে পাকা আম পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় তার।
ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে ভৈরব থানার পুলিশের হাতে হস্তান্তর করে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সজিব সোনার গাঁত্তপজেলার কাঁচপুর মোয়াপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।
এলাকাবাসী ও সহকর্মীরা জানায়, সজিব শহরের মজিবুর রহমান রি-রোলিং মিলের ডেলি বেসিস কর্মচারী। সকাল সাড়ে ৫টায় ডিউটি শেষ করে। হঠাৎ তার নজরে আসে মিলের ভেতরে গাছে ঝুলে থাকা দুটি পাকা আমের ওপর। গাছে উঠে আম পাড়তে ব্যর্থ হয়ে নিচে নেমে আসে। মিল থেকে একটি রডের টুকরো নিয়ে আবার গাছে ওঠে এবং হাতে থাকা রড দিয়ে পাকা আমে আঘাত করলে রডটি অসতর্কতা বসত পাশ দিয়ে যাওয়া মিলে ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে এসে বিকট শব্দে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। শব্দ শুনে সহ কর্মীরা মিল থেকে এসে তাকে গাছ ও বিদ্যুতের তারে ঝুলতে দেখে। পরে তারা পুলিশ ও ফাযার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আজিজুল হক বলেন, মরদেহটি গাছ থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বিদ্যুতের কারণে তার শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।