শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করতে হলে ২৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে হবে। এমন কঠিন লক্ষ্য তাড়া করতে নেমেই বিপাকে পড়ে যায় টাইগাররা। স্কোর বোর্ডে মাত্র ২৮ রান জমা করতেই সাজঘরে ফেরেন নাঈম শেখ, সাকিব আল হাসান ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
৯.৩ ওভারে টপঅর্ডার তিন ব্যাটসম্যানের বিদায়ে ব্যাকফুটে চলে যাওয়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন তরুণ ওপেনার নাঈম শেখ। এরপর তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আউট হন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ৭ বলে ৪ রান করে ফেরেন এ অলরাউন্ডার। চলতি সিরিজে পুরোপুরি ব্যর্থ সাকিব।
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় শূন্য রানে ফেরেন সাকিব। দ্বিতীয় ম্যাচে টেস্টের মেজাজে ব্যাটিং করেও ফর্মে ফিরতে পারেননি তিনি। ৩৪ বল খেলে মাত্র ১৫ রান করেই ফেরেন সাজঘরে। শুক্রবার তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচে আউট হলেন মাত্র ৪ রান। তিন ম্যাচে সাকিবের সংগ্রহ মাত্র ১৯ রান।
দলীয় ২৮ রানে আম্পায়ারের ভুল কলে আউট হন তামিম ইকবাল। খালি চোখে দেখে মনে হয়েছে বলটি তামিম ইকবালের ব্যাটে লাগেনি। হয়তো তামিমের ব্যাট মাটিতে আঘাত করার শব্দ পেয়েই উইকেটকিপার আউটের আবেদন জানান। সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে দেন শরফুদ্দৌলা ইবনে সৈকত রিভিউ নিয়েও সফল হননি তামিম। ২৯ বলে ১৭ রান করে ফেরেন এ ওপেনার।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরি (১২০) ও ধনঞ্জয়া ডি সিলভার ফিফটির (৫৫) সুবাদে ৬ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৫০ ওভারে ২৮৬/৬ (কুশল পেরেরা ১২০, ডি সিলভা ৫৫, গুনাথিলাকা ৩৯, কুশল মেন্ডিস ২২; তাসকিন ৪/৪৬)।