ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশি যাত্রী আসা অব্যাহত রয়েছে। শুক্রবার (২৮ মে) দেশটি থেকে ফিরেছেন আরও ৩০ জন। গত ২৬ এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত আসা যাত্রীর সংখ্যা এক হাজার ১৪৬ জন।
শনিবার (২৯ মে) আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভারতফেরত এক হাজার ১৪৬ জন যাত্রীর মধ্যে ২৯০ জনকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য কুমিল্লা জেলায় পাঠানো হয়। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন হোটেলে রাখা হয়।
শুক্রবার ১০টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রে অবস্থানরত যাত্রীর সংখ্যা ২৪২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে মোট ৫৭১ জন যাত্রী বাড়ি ফিরেছেন। শুক্রবারও ১৫ জন ফিরেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন, ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, গত ২৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত আসা এক হাজার ১৪৬ জন যাত্রীর মধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাকি ২৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলোশনে আছেন। তাদের মাঝে কারোর এখন পর্যন্ত ভারতীয় ধরন পাওয়া যায়নি।