যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত আরও দুই ব্যক্তির শরীরের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ২০ বছর এবং অপর জনের বয়স ৪৭ বছর। তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।
রোববার (৩০ মে) সিভিল সার্জনের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি জানান, গত ১৫ মে ভারত থেকে বাংলাদেশে আসেন এই দুই ব্যক্তি। এরপর তাদের যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদ্রাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ২৯ মে ওই দুই ব্যক্তিসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
রোববার পাওয়া পিসিআর টেস্টের ফলাফলে তাদের করোনা পজিটিভ হয়েছে। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন ভারতীয় ভ্যারিয়েন্টের করোনায় শনাক্ত।