শেরপুর; ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে ধারণ করে শেরপুরে আগামী ৫ থেকে ১৯জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচির আওতায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৩ হাজার ১শ ১৭জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮১ হাজার ৯শ ৮৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ মোট ২লক্ষ ৫ হাজার ১শ ১জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১ হাজার ৩৪৬টি টিকাদান কেন্দ্রের ২ হাজার ৬৯২ জন সেচ্ছাসেবকের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আজ সকালে জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আকরাম হোসেন। কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।