সাভারে বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং এর ৬ সদস্য ও তাদের মাদক সরবরাহকারী ছদ্মবেশধারী এক নারী মাদকব্যবসায়ীসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে সাভারের রেডিও কলোনীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সাভারের কামাল গার্মেন্টস রোডের টুকু মিয়ার ছেলে রুহুল আমিন (২৩), একই এলাকার আবুল বাশারের ছেলে আকাশ আহমেদ (২১), বিনোদবাইদের আল-মদিনা রোডের অলি মিস্ত্রীর ছেলে শাওন সিয়া (২০), মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার জিন্নাত আলীর ছেলে কবির হোসেন (২০), সে সাভারের বনপুকুর এলাকায় ভাড়া থাকতো। এছাড়া ওয়াপদা রোডের সেলিম মিয়ার ছেলে হৃদয় (২২) ও একই এলাকার লবণ মিয়ার ছেলে গোলাম রাব্বী (২৩)। তারা সবাই মাদক ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এছাড়া সাজেদা বেগম (৪০) নামে এক ছদ্মবেশী পাগলীকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাঙের সদস্যদের কাছে মাদক সরবরাহ এবং তাদের সহায়তায় মাদকের ব্যবসা করতেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমুদুল ইসলাম জানান, মাদকের সাথে সংশ্লিষ্টতা, এলাকায় চাঁদাবাজি, মেয়েদের ইভটিজিং, আধিপত্য বিস্তার ও উশৃঙ্খলতার সৃষ্টিসহ বেশকিছু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আসামিদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।