রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে।
করোনায়া আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন চাঁপাইনবাবগঞ্জের, ২ জন রাজশাহীর এবং নওগাঁর ও পাবনার একজন করে। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন আরো ২৯ জন। এ নিয়ে হাসপাতালটিতে সেবা নিতে আসা মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২৪ জন। এরমধ্যে ১০১ জন রাজশাহীর, ৯৬ জন চাঁপাইনবাবগঞ্জের। এছাড়া আইসিইউতে আছেন ১৬ জন।
এদিকে, একদিনে রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৪২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে গতকাল বুধবার। যা করোনাকালে বিভাগের একদিনের সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। এরমধ্যে রাজশাহীতে ১২৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৯৬ জন, নওগাঁ ১৫, নাটোরে ২৩, জয়পুরহাটে ১৪, বগুড়ায় ১৭, সিরাজগঞ্জে ১৪ এবং পাবনায় ২৫ জন। এ পর্যন্ত রাজশাহী বিভাগে করোনায় মারা গেছেন ৫৬৯ জন।
এদিকে সংক্রমণ ও মৃত্যু বাড়লেও মানুষ স্বাস্ব্যবিধি মানছেন না। বৃহস্পতিবার সকালে দেখা গেছে, নানা অজুহাতে মাস্ক ছাড়াই অধিকাংশ মানুষ চলাফেরা করছেন।
অন্যদিকে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসাধারণে চলাচলে ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এ সময় অকারণে বাইরে বের হলে জেল-জরিমানার মুখোমুখি হতে হবে। জরুরি প্রয়োজনে বের হলে সঙ্গে রাখতে হবে আইডি কার্ড।
তবে, আম ও জরুরি কৃষি পণ্য সরবরাহ ব্যবস্থা ও পরিবহণ কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকছে। সচেতন মানুষ করোনা সংক্রমণ রোধে এই বিধিনিষেধকে স্বাগত জানাচ্ছেন।