বগুড়ায় গেল ২৪ ঘন্টায় বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যা গতকাল ছিল ১৭ জন। এদিকে গেল ২৪ ঘণ্টায় জেলাটিতে মাহমুদা আকতার রেহেনা (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। মৃত মাহমুদা বগুড়া উপশহর স্নিগ্ধা আবাসিক এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থায় মৃত্যু হয়।
এদিকে করোনার আপডেট নিয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় ১৩৪ নমুনার ফলাফলে নতুন করে ২০জন করোনায় শনাক্ত হয়েছেন।
একই সময়ে সুস্থ হয়েছেন ২৫জন। নতুন আক্রান্ত ২০জনের সবাই সদরের বাসিন্দা। এর আগের দিন জেলায় ১৮৯ নমুনায় ১৭জন করোনায় শনাক্ত হয়েছিলেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৯টি নমুনায় ১৭ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ নমুনায় ৩জনের পজিটিভ এসেছে।
উল্লেখ্য, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৩২৮জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৭৫২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩১৭জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৫৯জন।