বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক মিন্টু শেখ (৬০)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) সকালে খুলনার পাইকগাছা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। শিশুটির ডাক্তারি পরীক্ষা দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন ম খায়রুল আনম জানান, উপজেলার পিলজংগ গ্রামে গতকাল বুধবার (২ জুন) সকালে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটি তার দাদার সাথে বাড়ির পাশে অবস্থিত পানের বরজে যায়। কিছুক্ষণ বাদে সে একা একা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে একই এলাকার মিন্টু শেখ পানি খাওয়ানোর কথা বলে শিশুটিকে ওই এলাকার পবিত্র দাসের বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয় এক ব্যক্তি ছুটে আসলে মিন্টু দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এরপর শিশুটি বাড়ি ফিরে সব ঘটনা তার মাকে জানায়। ওই শিশুটির মা বাদী হয়ে রাতে ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে প্রযুক্তির সহয়তা নিয়ে এলাকা থেকে পালিয়ে যাওয়া ধর্ষক মিন্টু শেখকে বৃহস্পতিবার সকালে খুলনার পাইকগাছা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।