র্যাংকিং, শক্তিমত্তা বা দৈহিক গঠন- সবকিছুতেই এগিয়ে আফগানিস্তান। ২০১৯ সালে দুশানবেতে বাছাইপর্বের প্রথম পর্বের ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর পর আজকের ফিরতি ম্যাচে সেই ম্যাচের একাদশ থেকে খেলছেন কেবল ডিফেন্ডার রহমত মিয়া, মিডফিল্ডার জামাল ভূঁইয়া, সোহেল রানা এবং উইঙ্গার বিপলু আহমেদ। করোনা-ইনজুরি সব মিলিয়ে এই ম্যাচে খেলেননি ইব্রাহিম-সুফিলদের মতো নিয়মিত ফুটবলাররা। তবুও কাতারে আফগানদের রুখে দিয়ে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের দল।
বাছাইপর্বের ম্যাচে পর্যাপ্ত প্রস্তুতি না নেয়া বাংলাদেশ স্বাভাবিকভাবেই খেলতে নামে আন্ডারডগ হিসেবে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৪৮ তম মিনিটেই এগিয়ে যায় আফগানিস্তান। ডানপ্রান্ত থেকে আহমেদ নাজিমের বাড়ানো পাসে বক্সের মধ্যে বাম পায়ের শটে গোলটি করেন আমির শরিফি। পিছিয়ে পড়ার পরেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ।
আফগানদের চেপে ধরতে বদলি হিসেবে মানিক হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহরা নামার পর বাংলাদেশের আক্রমণের গতি আরও বেড়ে যায়। ম্যাচের ৮৪ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় তপু বর্মণের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। আর এই গোলে ১ পয়েন্ট বাংলাদেশের নামের পাশে। যদিও বা এই পয়েন্টের পরেও পয়েন্ট টেবিলের তলানিতেই অবস্থান জামাল ভূঁইয়াদের।