রাজধানীর মিরপুরের পশ্চিম কাজীপাড়ায় একটি পুরাতন ভবনের বাউন্ডারি দেয়াল চাপায় নাজমা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে দেওয়াল চাপায় গুরুতর আহত নাজমা আক্তার। গুরুতর আহত হওয়ার পর রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
নাজমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার চাচা মোবারক হোসেন। তিনি জানান, তাদের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বন্ধ-উশান গ্রামে। নাজমা বাবার নাম জিন্নাত আলী। তিনি পেশায় রিকশা চালক। এক ভাই ও তিন বোনের মধ্যে ২য় নাজমা।