বগুড়ার গাবতলীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ডিহি ডওর গ্রামে এ ঘটনা ঘটে। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শিশুরা হলো, সৌরভ হোসেন (৭) ও সোহান মিয়া (৮)। তারা বগুড়ার গাবতলী উপজেলার ডিহি ডওর গ্রামের রন্টু মিয়া ও আবদুল মজিদের ছেলে।
মৃত শিশুদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১২টার দিকে শিশু সৌরভ ও সোহান গোসল করতে গ্রামের একটি পুকুরে নামে। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় স্বজনরা চিন্তিত হয়ে পড়েন। সারা গ্রামেও তাদের খুঁজে না পাওয়ার এক পর্যায়ে ওই পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। পরে বেলা ২টার দিকে পুকুরে দুই শিশুর মরদেহ পাওয়া যায়।
গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।