ময়মনসিংহের নান্দাইলের চৌরাস্তা অরণ্যপাশা এলাকার ভাড়াবাসার একটি কক্ষ থেকে এক মহাজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ভুপেন্দ্র, আখের, সুমন মিয়া, মিনাল ও কামরুল নামে পাঁচজনকে আটক করেছে। আটককৃতদের বাড়িও নিহতের এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ীর নাম জাহেদ মিয়া তালুকদার (২৮)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গানপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। তার অধীনে আটজন হকার তৈজসপত্র গ্রামে ফেরি করে বিক্রি করতেন। জাহেদ ছিলেন হকারদের মহাজন।
ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নান্দাইলে আসেন বড় ভাই আসাদ মিয়া। তিনি জানান, গত বুধবার তিনি নান্দাইলে এসে ভাইকে ৭০ হাজার টাকা দিয়ে যান। তাছাড়া প্রতিদিন আটজন হকার সর্বোচ্চ তিন হাজার টাকা করে জমা দিত। ওই টাকা পরদিন ব্যাংক হিসাবে জমা রাখতেন। তার ধারণা, ওই টাকা নিতেই তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ হকারকে আটক করা হয়েছে।