ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা হবিরবাড়ী ইউনিয়নে সোমবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকের চালক শাহ আলম, হেলপার রবিউল মাঝি ও চালকের ভাতিজা রাব্বী।
শাহ আলমের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকায়। রাব্বীর বাড়ি ঢাকার ডিএমপির ১৪/সি রহিকেন রায় রোডে। আর হেলপার রবিউল মাঝি ঝালকাঠি উপজেলার কেফায়েত নগর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে সোমবার রাত ৩টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়। এ সময় মহাসড়কের পাশে ট্রাকটি রেখে শাহ আলম চাকা পরিবর্তন করছিলেন। আর তার পাশে দাঁড়িয়ে ছিলেন হেলপার ও তার ভাতিজা। এ সময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাব্বীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ এখনও (দুপুর সোয়া ১২টা) পুলিশ ফাঁড়িতে আছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। তারা আসলেই মরদেহ হস্তান্তর করা হবে। কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।