গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে আরো ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। শনাক্তের এ উর্ধ্বগতি ঠেকাতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন। সেই সাথে রোগীর চাপ সামাল দিতে নতুন ওয়ার্ড খোলার পাশাপাশি চিকিৎসা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৯৫১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ শতাংশ। মারা গেছেন ৮ জন। এদের মধ্যে ৩ জন করোনা রোগী এবং ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪১জন।
যশোর সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, জুন মাসের শুরু থেকে যশোরে সংক্রমনের হার উর্ধ্বমুখী। বর্তমানে এ সংক্রমনের হার ৪০ থেকে ৫০ এর মধ্যে ওঠা নামা করছে। প্রথম দিকে সংক্রমনের উর্ধ্বগতি ঠেকাতে পৌরসভার ওয়ার্ডভিত্তিক ও পরে পুরো জেলা কঠোর বিধি-নিষেধের আওতায় নিয়ে আসা হয়। রোগীর চাপ সামাল দিতে নতুন ওয়ার্ড খোলার পাশাপাশি চিকিৎসা কার্যক্রম বাড়ানো হচ্ছে। সংক্রমণ প্রতিরোধ করতে তিনি মানুষের সচেতনতা বাড়াতে পরামর্শ দেন।