স্বামী কর্তৃক দেয়া তালাক নোটিশে স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য লেখা হয় তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তালাক নোটিশের নির্ধারিত ফরম কেন তৈরি করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত। আইন মন্ত্রণালয় সচিবসহ চারজন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ রোববার (২৭ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল নোমান।
এর আগে এক নারী এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী আব্দুল্লাহ আল নোমান জানান, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত কোনও ফরম নেই। কাজীরা একটি ফরম তৈরি করে তাতে তালাক দেওয়া হচ্ছে। যেই ফরমে নারী সম্পর্কে অবমাননাকর কথাবার্তা লেখা হচ্ছে, যা আপত্তিকর। সে কারণেই বাদী এ রিটটি দায়ের করেছেন।