সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউনের প্রথম দিনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ময়মনসিংহের গৌরীপুরে ৪৬টি মামলায় ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ জুলাই) গৌরীপুর উপজেলা ও পৌর শহরে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়।
করোনা সংক্রমণ রোধে সারাদেশে ১ জুলাই থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এক সপ্তাহের কঠোর লকডাউন দেওয়া হয়েছে। লকডাউন কার্যকর করতে আজ গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্তু সরকারি বিধিনিষেধ উপক্ষো করে দোকান-পাট খোলা, অযথা ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালতে ৪৬টি মামলায় ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসন জানায়, সরকারি বিধিনিষেধ অমান্য ও লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ৬টি মামলায় ৭ হাজার টাকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান ৩২টি মামলায় ৫৮ হাজার ৫শ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ ৮টি মামলায় ১০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লকডাউন কার্যকর ও জনসাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় মাইকিং করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকারি ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।