নরসিংদীর মাধবদীতে কাভার্ডভ্যানের চাপায় রিক্সার চালকসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (২০) মাধবদীর কান্দাইল পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। অন্যজন ফারিকুল ইসলাম (৩১)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার বাসিন্দা।
মাধবদী ফায়ার সার্ভিস ও ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেট অভিমুখে যাচ্ছিল। এমন সময় ভ্যানটির সামনে দিয়েই মহাসড়ক ধরে মাধবদীর দিকে চলছিল রিকশাটি। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বা পাশে পড়ে যায়। এ সময় রিকশাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই রিকশা চালক সাব্বির হোসেন ও রিকশা আরোহী ফারিকুল ইসলাম নিহত হয়। পরে মাধবদী ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতারের মর্গে প্রেরণ করে।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, কার্ভাডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছে। কার্ভাডভ্যানটি এখনও উদ্ধার হয়নি, আমাদের সদস্যরা এটি নিয়ে কাজ করছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।