সিরাজগঞ্জের বেলকুচিতে বালু বোঝাই ট্রাকচাপায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে বেলকুচি উপজেলার চালা সাত রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চালা বানিয়া পাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে রাব্বি হোসেন (১৩) ও সাব্বির হোসেন (১০)।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, দুপুরের দিকে চালা সাত রাস্তার মোড় এলাকায় দুই ভাই দাঁড়িয়ে ছিল। এসময় বালু বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।