ইউরো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ওয়ম্বলিতে সেমির হাইভোল্টেজ ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে থ্রি লায়ন্স।
এই জয়ের মধ্য দিয়ে ৫৫ বছর পর ফুটবলের কোন বড় আসরের শিরোপা লড়াইয়ে নাম লেখালো ইংলিশরা।
ওয়েম্বলিতে ৭৬ হাজার দর্শক, একটা ইংলিশ জয় দেখার অপেক্ষায়। প্রত্যাশার চাপ সামলে ডেনমার্কের ৩-৪-২-১ এর বিপরিতে গ্যারেথ সাউথ গেট হ্যারিকেইনদের সাজালেন ৪-২-৩-১ ফরমেশনে। ডেনিশ অ্যটাকের পাল্টা জবাবে ইংলিশ হ্যামার। চলছিলো বেশ ভালোই, ম্যাচের ৩০ মিনিটে প্রতিপক্ষের অ্যটাকারকে রাফ ট্যাকল করে ফ্রি কিকের মাশুল গুনলো ইংল্যান্ড। গ্যালারিতে নেমে এলো হাতাশা, ডি বক্সের সামনে থেকে দুরপাল্লার শটে জাল কাপালেন মিকেল ডামসগার্ড।
৮ মিনিট পর গোল শোধের সহজ সুযোগ নষ্ট করলেন রাহিম স্টার্লিং, হ্যারিকেইনের বাড়ানো বলে স্টার্লিংয়ের নেয়া শট রুখে দেন ডেনিশ গোল কিপার। ৩৯ মিনিটে স্বস্তির সাথে ম্যাচের ফেরার উল্লাস ইংলিশ শিবিরে। হোস্ট অ্যাটাকারদের প্রেসিংয়ে খেই হারিয়ে ফেলে ডেনমার্ক ডিফেন্স। আত্মঘাতি গোল করে বসেন ডেনিশ ক্যাপ্টেন সিমোন কেয়া।
সমতরা ম্যাচে সমাধান টানতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, ১০৪ মিনিটে ইংলিশ অধিনায়ককে বক্সে রাফট্যাকল করে বিপদ ডেকে আনে ডেনমার্ক, পেনাল্টির বাশি রেফারির, হ্যারিকেইনের নেয়া কিক ঠেকিয়েও শেষ রক্ষা করতে পারেনি গোলকিপার স্মইকেল, ফিরতি বল জালে জড়িয়েই যেন ফাইনাল নিশ্চিত করলেন ক্যাপ্টেন ইংল্যান্ড।
রবিবার শিরোপা লড়াইয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত ইতালির বিপক্ষে লড়তে হবে ইংলিশদের।