ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাহিরে করোনা ও উপসর্গ নিয়ে ১৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (১০ জুলাই) এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় সবচেয়ে বেশি ১৮ জনের মৃত্যু ঘটেছে। রাজশাহীতে ১৪, খুলনায় ১৩, যশোরে ১০, ফরিদপুরে ১৯, চুয়াডাঙ্গায় ৭, সাতক্ষীরা ১০, ময়মনসিংহ মেডিকেলে ১২, সিলেটে ৬, বগুড়ায় ১৩, লালমনিরহাটে ৩, টাঙ্গাইলে ৭, চট্টগ্রামে ৩ এবং বরিশাল বিভাগে মারা গেছেন ১৬ জন
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২১২ জনের মৃত্যু হয়ে বলে জানানো হয়েছে। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন।
এদিকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনাভাইরাসে নতুন করে ৪ লাখ ৮৭ হাজার ৮০৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৩৭৬ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৩৪ হাজার ৮১৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৩ জন।