রাজধানীর তেজাগাঁওয়ে পুরাতন বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলামের বাড়ি রংপুর কোতোয়ালি উপজেলায়। বাবার নাম তৈয়ব আলী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া চাচাতো ভাই মনোয়ার হোসেন মিলন জানান, সাইফুল গ্রামে কৃষিকাজ করতেন। ১৫ দিন আগে ব্যবসার উদ্দেশ্যে ঢাকায় আসেন। এরপর থেকে কড়াইল বস্তিতে আমার সঙ্গেই ছিলেন। কয়দিন ধরে ভ্যানে করে আম বিক্রি করেছিলেন তিনি। তবে ব্যবসায় লোকসান হওয়াতে তিনি আবার বাড়ি ফিরে যেতে চাচ্ছিলেন। এজন্য মঙ্গলবার ভোরে আম বিক্রির প্লাস্টিকের ক্যারেট ফেরত দেওয়ার জন্য ভ্যানে করে যাচ্ছিলেন কারওয়ান বাজারের আড়তে। পরে এক অ্যাম্বুলেন্স চালক ফোন দিয়ে জানায় একটি ট্রাক ধাক্কায় আহত হয়েছেন তিনি। এরপর সাইফুলকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দেয়। ঢামেকে নেওয়ার পর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ রানা জানান, ভোরে পুরাতন বিমানবন্দর রোডের জাহাঙ্গীর গেটের একটু আগে রাস্তায় একটি ট্রাক ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।