যুক্তরাষ্ট্র থেকে মডার্নার আরো ৩০ লাখ ডোজ করোনার টিকা আজ সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা আসতে দুই ঘণ্টা বিলম্ব হবে।
ভ্যাক্সিন নিয়ে কাতার এয়ার এর বিশেষ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭:২০ মিনিটের পরিবর্তে রাত ৯:২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহার দিচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৭ জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।
এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা উপহার দিয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৫৫ লাখ মডার্নার টিকা উপহার দিচ্ছে।