চীন থেকে সিনোফার্মের করোনাভাইরাস প্রতিরোধী টিকার ১০ লাখ ডোজ নিয়ে দেশে এসেছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট।
বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৫০৬৫ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে আরও দুটি ফ্লাইটে ২০ লাখ টিকা দেশে আসবে। এসব টিকা গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যার হাউজে রাখা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সেখান থেকে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে টিকা পাঠানো হবে।
৩০ লাখ ডোজ টিকা দেশে আনতে বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক তিনটি ড্রিমলাইনার শাহজালাল বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে ছেড়ে যায়।
বিমান বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার (জনসংযোগ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় তাপমাত্রায় এসব টিকা দেশে আনা হচ্ছে।
আন্তর্জাতিক এভিয়েশন নীতিমালা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুরক্ষানীতি যথাযথভাবে অনুসরণ করে করোনা মহামারির সময়ে সাশ্রয়ী খরচে টিকা, ভেন্টিলেটর ও অন্যান্য সুরক্ষাসামগ্রী পরিবহন করছে বিমান।
এর আগে সিনোফার্মের করোনা টিকার ৪০ লাখ ডোজ গত ২, ৩, ১৭ এবং ১৮ জুলাই চারটি ফ্লাইটের মাধ্যমে দেশে আনা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।