করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। লকডাউনের এই সময়সীমা শেষ হওয়ার আগেই ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্পকারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ৫ আগস্টের আগে ঢাকার বাইরের শ্রমিকদের পোশাক কারখানায় যোগ দেয়ার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শুক্রবার (৩০ জুলাই) রাতে বেসরকারি একটি টেলিভিশনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে শ্রমিকদের চাকরি চলে যাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না।
কঠোর বিধিনিষেধের মধ্যে কেনো কারখানা খুলে দেয়া হলো? এমন প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, আমাদের অর্থনীতির কথাও ভাবতে হবে। রফতানিমুখী শিল্পের মধ্যে গার্মেন্টস অন্যতম। ৪০ থেকে ৫০ লাখ শ্রমিক এ খাতে কাজ করে। বাইরে থেকে অর্ডার নিতে হয়। অর্ডার বন্ধ হয়ে গেলে শিল্প ঝুঁকির মধ্যে পড়বে। অসংখ্য মানুষ কাজ হারাবে। অর্থনীতিতে এর একটা প্রভাব পড়বে।
প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, পোশাক কারখানার মালিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা বলেছেন, শুধু ঢাকায় অবস্থানরত শ্রমিকেরা কারখানায় যোগদান করবেন। ঢাকার বাইরের শ্রমিকেরা যে যেখানে আছে সে সেখানেই থাকবে। ৫ আগস্টের পর তারা পর্যায়ক্রমে কারাখানায় আসবে এবং কাজে যোগ দেবেন। কারও চাকরি হারানোর ভয় নেই।