শেরপুরে ট্রাক বোঝাই নিষিদ্ধঘোষিত ১০ টন পলিথিন জব্দ করা হয়েছে। জব্দ কৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে ট্রাকচালক বাবুল মিয়াকে আটক করা হয়েছে।
আজ ৩১ জুলাই (শনিবার) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা পলিথিন বোঝাই ট্রাকটি আটক করেন।
এনএসআই ও পুলিশ সূত্রে জানাযায়, ঢাকা থেকে ট্রাক বোঝাই করে নিষিদ্ধঘোষিত পলিথিন শেরপুরে আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে এনএসআই, শেরপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ট্রাকটি (নম্বর: ঢাকা মেট্রো-ট-২০-১৬১২) আটক করেন।
পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান ও ডি এম সাদিক আল শাফিনের নির্দেশে ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটিতে ১০ মেট্রিক টন পলিথিন রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৩০ লাখ টাকা।
অভিযানকালে সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।