পাবনা-কাশিনাথপুর মহাসড়কের দ্বারিয়াপুরে সিএনজি চালিত অটোরিকশা ও শ্যালোইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাবনা থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দ্বারিয়াপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আহত দুইজনের মধ্যে একজনকে কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।