শেরপুরের শ্রীবরদী উপজেলায় খাল থেকে নয়ন মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলের পাড় (চেনারকুড়) টানা ব্রিজের পাশের খাল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নয়ন পাশের ঝিনাইগাতী থানার হাতীবান্ধা ইউনিয়নের নয়খা গ্রামের আসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন জন্মের পর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি। অনেক খুঁজেও তাকে পাচ্ছিলেন না স্বজনরা। মঙ্গলবার দুপুরে শৈলের পাড় এলাকার লোকজন ওই খালের পানিতে নয়নের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।