সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: এ্যাডহক বার কাউন্সিলের নতুন মেয়াদে কমিটি গঠন করা হয়েছে যেখানে বার কাউন্সিলের নতুন সদস্য হয়েছেন সিরাজগঞ্জ জেলার পিপি এ্যাডঃ গাজী আব্দুর রহমান।
গত ৩ আগস্ট ২০২১ তারিখে অ্যাটর্নি জেনারেলের সভাপতিত্বে সভায় ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই এ্যাডহক বার কাউন্সিলের কমিটি আগামী ৩০ জুন ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এই এ্যাডহক কমিটিতে জি গ্রুপের সদস্য এ্যাডভোকেট রেজাউল করিম মন্টুকে নানা অনিয়মের অভিযোগে বাদ দিয়ে সিরাজগঞ্জ জেলা পিপি এ্যাডঃ আব্দুর রহমানকে তার স্থানে স্থলাভিষিক্ত করা হয়। গেজেটে উল্লেখ করা হয়েছে এই এ্যাডহক কমিটি আগামী ৩১ মে ২০২২ এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করবে এবং আগামী ১লা জুলাই ২০২২ ইং তারিখে নতুন নেতৃত্বের নিকট দায়িত্ব বুঝে দিবে।
জি গ্রুপের নতুন সদস্য এ্যাডঃ আব্দুর রহমান ১৯৫৩ সালে ১৫ মার্চ সিরাজগঞ্জ জেলার এস এস এস রোড, বড় বাজার এ জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মৃত কারী মোহাম্মদ আলী। ব্যক্তি জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক। ১৯৬৬ সালে ছাত্র রাজনীতি দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে অনার্স মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ ছানা-রানা পরিষদের সম্পাদক নির্বাচিত হন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রীও একজন এ্যাডভোকেট। তিনি উত্তরবঙ্গের ১২টি জেলার দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্পেশাল পিপি অ্যাডঃ নরেশ মুখার্জি।