বাংলাদেশ সফরে এসে টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে নিজেদের উচ্চতাকে দুষছেন অস্ট্রেলিয়ানরা।
ঘরের মাঠে অসি স্পিনার অ্যাস্টস অ্যাগার নিজের উচ্চতা কাজে লাড়িয়ে টার্নের সঙ্গে বাড়তি বাউন্সও পান। কিন্তু ঢাকায় এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তেমন কিছুই করতে পারছেন না অ্যাগার।
বাংলাদেশি স্পিনারদের নিয়ে অ্যাগার বলেন, মেহেদি-সাকিব-নাসুমরা স্টাম্প লক্ষ্য করে বেশি বল করে। তাদের বল বেশি সময় ধরে বাতাসে ভাসে। তাদের বল ব্যাটসম্যানদের কাছে নিচ থেকে ওপরের দিকে ওঠে। যেখানে অনেক সময় স্পিনারদের বল ওপর থেকে নিচে এসে থাকে।’
অস্ট্রেলিয়া সিরিজের আগে স্পিন কোচ হিসেবে শ্রীলংকান সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথকে নিয়োগ দেয় বাংলাদেশ। হেরাথের প্রসঙ্গ টেনে অ্যাগার বলেন, বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। বাংলাদেশি বোলাররা যা করছে, সেটি হেরাথ একসময় দারুণভাবে করত। সে এ ব্যাপারে বিশেষজ্ঞ।
সাকিবের বোলিংয়ে নিয়ে অ্যাগার বলেন, সাকিব প্রথম দুই ম্যাচে কিছু বল করেছে, যেগুলো রীতিমতো গড়িয়ে এসেছে। তাছাড়া বাংলাদেশি স্পিনাররা একধরনের বিভ্রান্তিকর লেংথে বোলিং করে। বলকে বাউন্স করানো, নিচু করে দেওয়া, বাতাসে বেশিক্ষণ ভাসিয়ে রাখার ক্ষমতাটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য গড়ে দিচ্ছে।