ফরিদপুরের সালথায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কদমতলী বাজার এলাকা থেকে ওই পাঁচ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনায় সালথা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-৫। আটককৃতরা হলেন, ফরিদপুরের নগরকান্দার ছাগলদী গ্রামের হায়দার মীরের ছেলে সবুর মীর (৩৪), একই গ্রামের হেলাল হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (৩২), নগরকান্দার হাসনাহাটি গ্রামের মুজাম সরদারের ছেলে ইয়ার আলী সরদার (৩৬), নগরকান্দার হিয়াবলদী গ্রামের সাখাওয়াত মাতুব্বরের ছেলে সাব্বির মাতুব্বর (১৯), জেলা শহরের চরকমলাপুর এলাকার শেখ সাহিদের ছেলে শেখ মোশারফ (৩০)। এসময় আটককৃতদের কাছে থেকে রামদা, ছুরা, চাপাতি ও শাবলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) বিকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সোমবার দিবাগত গভীর রাতে সালথা উপজেলার কদমতলী বাজারের পাঁশের একটি মেহগনি বাগানে একদল ডাকাত ডাকতির প্রস্তুতি নিচ্ছে। এসসময় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামানের নেতৃত্বে ও এসআই মিজানুর রহমান ও এএসআই শহিদুল হকসহ সঙ্গীয় ফোর্স এসময় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ৫ ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হই। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ও জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। আটককৃতদের আজ মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, আমরা ডাকাত নির্মূলে বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় সালথা থানা পুলিশ গতকাল সোমবার দিবাগত রাতে ৫ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। তিনি বলেন, ডাকাত নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।