টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির জন্মদিন ছিল শুক্রবার (১৩ আগস্ট)। এবারের জন্মদিনে শ্রাবন্তীকে চমকে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শ্রাবন্তীর মতে, জন্মদিনের সেরা উপহার দিয়েছেন তিনি।
জন্মদিনে শ্রাবন্তীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা চিঠিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে মমতা লিখেছেন, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো।’
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘আমি খুব সম্মানিত। জন্মদিনে এটাই আমার সেরা উপহার। ধন্যবাদ দিদি।’
‘মায়ার বাঁধন’ সিরিয়ালের মাধ্যমে ১৯৯৭ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেছেন শ্রাবন্তী। তার অভিনীত প্রথম সিনেমা ‘চ্যাম্পিয়ন’। জিতের বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছিলেন শ্রাবন্তী।
পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দলে যোগ দিয়েছিলেন তিনি। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল এ অভিনেত্রীকে। কিন্তু জয়ী হতে পারেননি শ্রাবন্তী। তবে রায় মেনে নিয়েছেন তিনি।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচিত শ্রাবন্তী। তাকে নিয়ে চর্চার শেষ নেই। নেট দুনিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে চর্চা হয় শ্রাবন্তীকে নিয়ে। তার ইনস্টাগ্রামে নজর থাকে হাজারো মানুষের। অভিনেত্রী কিছু পোস্ট করতেই হইচই শুরু হয়ে যায় নেট দুনিয়ায়।
কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। তাতে দেখা গেছে, একটি ছেলে তার প্রেমিকাকে জুতা পরিয়ে দিচ্ছে। ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘সব পুরুষ এক রকম না। কেউ কেউ এমনও আছে যারা আপনাকে রানি বানিয়ে রাখবে!’
নেটিজেনরা মনে করছেন, রোশান সিংকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন এ অভিনেত্রী। যদিও রোশানের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে খুব বেশি আপডেট নেই এই মুহূর্তে। শ্রাবন্তী কি স্বামীর কাছে ফিরবেন? এ প্রশ্নের উত্তর খুঁজছেন টালিপাড়ার অনেকে। যদিও শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশান। সংসার টিকিয়ে রাখতে আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি।
এদিকে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে ভেঙে গেছে শ্রাবন্তীর প্রেম। এমন কথাও উড়ে আসছে টালিপাড়া থেকে। প্রেমিক অভিরূপকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন শ্রাবন্তী। তাতেই প্রশ্ন উঠেছে, আবারও কি মন ভাঙল অভিনেত্রীর? যদিও এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি।