তালেবান নিয়ন্ত্রণের দুদিন পর এখনো স্পষ্ট হয়নি আফগানিস্তানের সরকার কাঠামো। গণমাধ্যমের আভাস, আফগান তালেবানের আমির হাইবাতুল্লাহ আখুনজাদা হতে পারেন সরকার প্রধান। সামরিক প্রধান মোল্লা ইয়াকুব, সিরাউদ্দিন হাক্কানি আর সাবেক উপমন্ত্রী আব্বাস স্তানিকজাই আসতে পারেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে। তবে প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে মোল্লাহ আবদুল গনি বারাদার।
এর মধ্যেই তালেবান জানিয়েছে, তারা চায় তাদের সরকারে নারীরাও অংশগ্রহণ করুন।
তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি বলেন, তালেবান সরকারে অংশগ্রহণের জন্য তারা নারীদের আহ্বান জানাচ্ছেন। তিনি আরও বলেন, ইসলামিক আমিরাত চায় না যে, নারীরা ক্ষতিগ্রস্ত হোক। শরীয়া আইন অনুযায়ী, সরকারি কাঠামোতে তাদের অংশগ্রহণ থাকা উচিত।
তালেবানের শীর্ষ কোনো নেতার পক্ষ থেকে সরকার গঠনের ইঙ্গিত দিয়ে প্রথমবারের মতো এমন মন্তব্য করা হলো যেখানে নারীদের অংশগ্রহণের কথাও বলা হয়েছে।
যদিও তালেবানের নতুন সরকার গঠনের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য তিনি দেননি। তবে অতীত অভিজ্ঞতা অনুযায়ী, পুরোপুরি ইসলামিক শাসন অনুযায়ী তারা সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করবে। আর সব পক্ষকেই এতে অংশ নিতে হবে।