বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় জানা যায়নি।
মৃত জাবেদের সহকর্মী জাহাঙ্গীর হোসেন ঢাকাটাইমসকে জানান, বৃহস্পতিবার শনিরআখড়া জিয়া সরণী এলাকায় নির্মাণাধীণ একটি ভবনে চারতলায় রড কাটার কাটিং মেশিন দিয়ে রড কাটছিলেন কয়েকজন। এ সময় জাবেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করতে গিয়ে দুই সহকর্মী আহত হন। তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল নয়টার দিকে জবেদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
মৃত জাবেদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি নির্মাণাধীন ভবনটিতেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিরআখড়া থেকে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের ঢামেকে নিয়ে এলে একজন মারা যান। এই ঘটনায় আরও দুইজন চিকিৎসাধীন আছেন। জাবেদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।