আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের পুনর্দখল নিয়েছে তালেবান। এদিকে আফগানিস্তানে গেল দুদশকের যুদ্ধে ন্যাটো ও মার্কিন বাহিনীকে সহায়তা করা লোকজনকে খুঁজে বের করতে অভিযান জোরদার করেছে তালেবান। এরই মাঝে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানাচ্ছে, আফগান নাগরিকদের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে ফেসবুক, টুইটার ও লিঙ্কডিন। এখন থেকে এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী আফগানদের বন্ধু তালিকা দেখা যাবে না। একমাত্র ব্যবহারকারীই তার ফ্রেন্ডলিস্ট দেখতে পারবেন। এ জন্য বিশেষ ‘ওয়ান ক্লিক’ টুল আনা হচ্ছে।
ফেসবুকের পক্ষ থেকে নাথানিয়েল গ্রেইচার এক টুইটবার্তায় জানান, ‘আফগানরা যাতে তাদের ফেসবুক অ্যাকাউন্ট দ্রুত লক করতে পারে সে জন্য একটি ওয়ান ক্লিক টুল আনা হচ্ছে। কোনও ফেসবুক ব্যবহারকারীর বন্ধু তালিকার বাইরের কেউ তার টাইমলাইনও দেখতে পারবে না।’
টুইটার জানিয়েছে, তারা আফগানদের নিরাপত্তায় আর্কাইভ করা টুইটগুলো সরানোর কাজটা দ্রুত করতে ইন্টারনেট আর্কাইভের সঙ্গে কাজ চলছে।
মাইক্রোসফটের মালিকানাধীন পেশাদার নেটওয়ার্কিং সাইট লিঙ্কডিন সাময়িকভাবে আফগান ব্যবহারকারীদের অ্যাকাউন্টই ‘হাইড’ করে রেখেছে।
এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে আল জাজিরা জানায়, তালেবানদের শাসনে সহস্রাধিক আফগান নাগরিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জীবন এখন বিপন্ন।
এর আগে মঙ্গলবার(১৭ আগস্ট) তালেবানকে ‘জঙ্গি’ সংগঠন হিসেবে আখ্যা দিয়ে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানিয়ে দেয়, তারা তাদের প্লাটফর্ম থেকে তালেবান সম্পৃক্ত সব ধরনের কনটেন্ট মুছে ফেলা শুরু করেছে। এরইমধ্যে তালেবান ও আফগানিস্তান বিষয়ে বিশেষজ্ঞ একটি দলকে এই কাজের জন্য নিয়োজিত করা হয়েছে বলেও জানিয়েছে ফেসবুক।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, বছরের পর বছর ধরে বার্তা ছড়িয়ে দিতে ফেসবুককে ব্যবহার করে আসছে সংগঠনটি। ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে জানায়, মার্কিন আইনি কাঠোমোতে তালেবান একটি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত। এ কারণে ‘ভয়ঙ্কর সংগঠন’ নীতির আলোকে তালেবানদের সব কার্যক্রম ফেসবুক থেকে সরিয়ে ফেলার উদ্যোগ নেয় ফেসবুক।