নেত্রকোনায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মো. শহিদ মিয়া (৫১) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিন নারীসহ চারজন আহত হন।
রোববার বিকাল ৩টার দিকে সদর উপজেলার মাহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে। নিহত শহিদ মিয়া ওই গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদ মিয়ার সঙ্গে তার বড়ভাই মো. মুকবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকাল ৩টার দিকে উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদ মিয়ার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে শহিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
এ সময় শহিদ মিয়ার স্ত্রী শ্যামলা আক্তার (৪৫), ছেলে শাহিন মিয়া (২৫) ও ভাগনি অন্তঃসত্ত্বা হারুনা আক্তারসহ (২২) তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ খান বলেন, এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।