কিশোরগঞ্জ জেলার শীর্ষ সন্ত্রাসী হাছু বাহিনীর প্রধান আবু হানিফ ওরফে হাছুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ আগস্ট) ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নের দনাইল (শ্যামনগর) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ হাছু কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া-বউবাজার এলাকার মৃত নুরু মিয়া ওরফে নূর খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার পর দনাইল (শ্যামনগর) এলাকার একটি স’মিলের পেছনে হাছুকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, হাছুর নামে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল থানায় দুই ডজনের মতো মামলা রয়েছে। তার নামে হত্যা, নদী ও বাড়িঘর দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে এসব অঞ্চলে বাহিনী পরিচালনা করে আধিপত্য বিস্তারেরও অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।