নোয়াখালীর সোনাইমুড়ী উপজেরার বজরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে আজিম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বজরা ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোটখালি গ্রামের ফয়েজ উল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে আজিমসহ কয়েকজন রাজমিস্ত্রী বজরার ফারুক হোসেন নামে এক ব্যক্তির নতুন নির্মাণাধীন ভবনের কাজ করছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভবনের ভেতরে জমে থাকা পানি সরানোর জন্য মটর বসিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য গেলে বিদ্যুতের তারে ত্রুটি থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায় তিনি। পরে অন্য শ্রমিকরা মটর সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।