নোয়াখালীর চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সুন্দপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হোসেন মধু (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে মল্লিকা বাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন মধু সুন্দপুরের আব্দুর রবের ছেলে। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ পড়তে পার্শ্ববর্তী মসজিদের উদ্দেশে বাড়ি থেকে বের হন মধু। এরপর সড়কে পড়ে থাকা পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি ছেঁড়া তারে জড়িয়ে পড়েন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পাশের বাড়ির এক নারী তার লাশটি দেখতে পান এবং চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিদ্যুৎ অফিসে জানায়।
স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কার্যালয়ের লোকজনের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ চাটখিলের ডিজিএম’র সঙ্গে মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।