অবশেষে ৬৬ মিনিটে মেসি যখন নামেন ততক্ষণে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি। নেইমারের বদলি হিসেবে যখন মাঠে পা দেন আর্জেন্টাইন মহাতারকা ততক্ষণে ম্যাচ নিশ্চিত করে ফেলেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
এর কৃতিত্ব পিএসজির অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপের। তার ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার গুঞ্জনের মধ্যেই ম্যাচ সেরা পারফরম্যান্স উপহার দেন ২২ বছরের এমবাপে।
এই ফরাসি তারকার কৃতিত্বে ১৬ মিনিটে রেঁসের মাঠে এগিয়ে যায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আনহেল দি মারিয়ার ক্রসে মাথা ছুঁইয়ে দলকে লিড এনে দেন তিনি।
গোল করার পর বেশ চাপহীন ভাবে খেলে পিএসজি। প্রথমার্ধে আর গোল পায়নি তারা। মেসিও নামেননি মাঠে।
বিরতির পরও ম্যাচে নিজেদের প্রাধান্য ধরে রাখে সফরকারী দল। খেলার বিপরীত ধারায় রেঁস গোল করে বসে ৫১ মিনিটে।
তবে অফসাইডের কারণে মার্শাল মুনেতসির করা গোল ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্যে বাতিল করে দেন রেফারি।
পিএসজির হয়ে ব্যবধান দ্বিগুন করেন এমবাপে, ৬৩ মিনিটে। ডান প্রান্ত দিয়ে বাড়ানো আশরাফ হাকিমি বলে নিচু শটে জালে জড়ান তিনি।