জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর জাহানুর ইসলাম ডিপজল (২০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) ভোরে তুলশীগঙ্গা নদীর সন্নাসতলী ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ডিপজল ওই উপজেলার জিয়াপুর গ্রামের আবু কালামের ছেলে।
জানা যায়, রোববার (২৯ আগস্ট) দুপুরের দিকে ডিপজল তার ছোট ভাই শহীদের (১৫) সঙ্গে সন্নাসতলী ব্রিজ এলাকায় মাছ ধরতে গিয়ে সবার অগোচরে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরী দলকে খবর দেওয়া হলে ওই দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত চেষ্টা করেও ডিপজলের কোনো সন্ধান মেলাতে পারেনি। পরে সোমবার ভোর ৬টার দিকে তার মরদেহটি ভেসে উঠে।
ক্ষেতলাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইব্রাহিম হোসেন নিশ্চিত করেছেন।