অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ২০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সোমবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা বিচারক রবিউল আলম এ ঘোষণা দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সালাহউদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ তারিখ নির্ধারণকরেন বিচারক।
আলোচিত এ মামলায় সব সাক্ষীর (১৩) সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। গত ৬ সেপ্টেম্বর সবার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
গত ১১ জানুয়ারি মামলায় তদন্তকারী কর্মকর্তা র্যাব-১ এর উপপরিদর্শক মেহেদী হাসান চৌধুরী ১৩ জনকে সাক্ষী করে মালেকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৪ ফেব্রুয়ারি আদালত তা গ্রহণ করেন। আর গত ৪ এপ্রিল তার অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।
গত বছরের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে মালেককে গ্রেপ্তার করে র্যাব। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি, টাকার জাল নোট, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব-১ এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেন।
মালেক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ছিলেন। তিনি অষ্টম শ্রেণি পাস। ১৯৮২ সালে প্রথম সাভার স্বাস্থ্য প্রকল্পের গাড়িচালক হিসেবে যোগ দেন। চার বছর পর অধিদপ্তরের পরিবহন পুলে যোগ দেন। গ্রেপ্তারের আগ পর্যন্ত প্রেষণে এ হিসেবে কর্মরত ছিলেন।