চট্টগ্রামের আনোয়ারায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত পৌনে ২টার দিকে উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মাসুম ওই এলাকার মো. ইউসুফের ছেলে।
নিহতের পরিবার জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থেকে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলের পেছনে করে ইছামতি এলাকার দিকে যায় মাসুম। পরে সে রাতেই পৌনে ২টার দিকে ইছামতি এলাকায় পুলিশ গিয়ে মাসুমের লাশ উদ্ধার করে। এর পর পুলিশ বিষয়টি তাদের জানায়।
এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে থানার দূরত্ব প্রায় ৪০০ মিটারের মতো। নিহত মাসুমের গলা, কোমর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বাবা মো. ইউসুফ জানান, তার ছেলেকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করি মৃত্যুর রহস্য তদন্তসাপেক্ষে বের করা হবে।