বিএনপি পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যার অন্ধকার দেখে, বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, দেশে একটি দল আছে, যারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। এমনকি পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যার অন্ধকার দেখে। তারা অপপ্রচারের মাধ্যমে এ দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারী খালেদা জিয়ার উত্তরসূরিরা বাংলাদেশের বাহিরে থেকেও ষড়যন্ত্র করছে। বাংলাদেশের ইতিহাস বিকৃত করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবেনা।
মঙ্গলবার বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জয়পুরহাটের কুখ্যাত রাজাকার,দেশের যুদ্ধাপরাধী আব্দুল আলীমকে খুনি জিয়া ও খালেদা জিয়ারা জাতীয় পতাকা তুলে দিয়েছিল। এই বিএনপি এখনো ষড়যন্ত্র করছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রাজাকার যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দিয়েছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ইতিবাচক ধারা বাধাগ্রস্ত করতেই বিএনপি এবং তাদের দোসররা আদা-জল খেয়ে মাঠে নেমেছে।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ স্বপন বলেন, দেশের এক শ্রেণির মানুষ অনলাইনে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া দলের অনুপ্রবেশ ঠেকাতেও সতর্ক থাকতে হবে। স্বেচ্ছাসেবক লীগ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। তারা স্বেচ্ছাশ্রমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। করোনার সময় মানুষকে সেবা করেছেন। বিভিন্ন স্থানে বিনামূল্যে ধান কেটে দিয়েছেন।