নতুন মেয়াদে কে হচ্ছেন বিসিবি সভাপতি? নির্ধারণ হবে আজ। গতকাল চূড়ান্ত হওয়ায় ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ আজ সভাপতি নির্বাচন করবে। জানা গেছে, আজ দুপুরের আগে আনুষ্ঠানিক ফল ঘোষণার পরপরই হচ্ছে নতুন সভাপতি নির্বাচন। নবনির্বাচিত পরিচালকরা বেছে নেবেন বিসিবির নতুন অভিভাবক।
ক্যাটাগরি দুইয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আগের মেয়াদের সভাপতি নাজমুল হাসানসহ তিন জন। ফাহিম সিনহা, ওবেদ নিজামসহ নতুন পরিচালক ৬ জন। খালেদ মাহমুদ পুনরায় পরিচালক হলেও, প্রথম নির্বাচনে হেরে গেছেন খালেদ মাসুদ পাইলট।
কারা বসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকের চেয়ারে? ২৫ পদের নয়টি আগেই নির্ধারিত ছিলো। বাকি ১৬ পদের লড়াইটাও শেষ পযর্ন্ত জমজটামট থাকেনি। নিরঙ্কুশ জয় নির্বাচিত পরিচালকদের।
সবচেয়ে বেশি আলোচনা ছিলো ক্লাবের লড়াইকে ঘিরে। ১২ পদে যেখানে লড়েছিলেন ১৬ প্রার্থী। সবচেয়ে বেশি ৫৩ ভোট পেয়ে যেখানে নির্বাচিত নাজমুল হাসান পাপন, গাজী গোলাম মোর্তজা, ও এনায়েত হোসেন সিরাজ। নিরঙ্কুশ বিজয়ে দারুণ খুশি নাজমুল হাসান।
ফাহিম সিনহা, ওবেদ নিজাম, ইফতেখার আহমেদ মিঠু, সালাউদ্দিন চৌধুরি, মঞ্জুর আলম মঞ্জুরা নির্বাচিত হয়েছেন নতুন পরিচালক হিসেবে।
আগ্রহ ছিলো রাজশাহী বিভাগের পরিচালক নির্বাচনে। যেখানে সাইফুল আলম স্বপনের প্রতিদ্বন্দি ছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৭-২ ভোটে হেরে গেছেন তিনি।
ঢাকা বিভাগ থেকে খালিদ হোসেন আর আশফাকুল ইসলাম সরে দাঁড়ানোয় নাঈমুর রহমান আর তানভীর আহমেদ টিটোর বেগ পেতে হয়নি।
ক্যাটাগরি ৩ থেকে আরেক সাবেক অধিনাযক খালেদ মাহমুদ সুজনের সাথে জিততে পারেননি পরিচিত মুখ নাজমুল আবেদীন ফাহিমও। ৩৭-৩ ভোটের ব্যবধানে বড় জয় পেয়েছেন সুজন।
বিভাগ থেকে সাত আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস আগেই নির্বাচিত হয়েছিলেন
এর আগে উৎসবমুখর পরিবেশে হয়েছে বিসিবি নির্বাচন। ভোট পড়েছে নিরানব্বই শতাংশের বেশি।
বৃহস্পতিবারই নতুন কমিটির সদস্যরা নির্বাচিত করবেন নতুন সভাপতিকে। যেখানে আরো একবার নাজমুল হাসানের দায়িত্ব নেয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।